আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত এমন নিবন্ধিত ভোটারদের সম্পূরক তালিকা এবং মৃত ভোটারদের কর্তনের তালিকা আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। এরপর নতুন যোগ্য ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ভোটার কর্তন, ভোটার স্থানান্তর ও অন্যান্য সংশোধনের জন্য দরখাস্ত জমা দেওয়ার শেষ সময় ২১ আগস্ট।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, চলতি মাসে তিন ধরনের তালিকা প্রকাশ করা হবে—নতুন ভোটারের তালিকা, মৃত ভোটারের তালিকা এবং সম্পূরক তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
তিনি আরও বলেন, এবারের ভোটার তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ করা হবে এবং এ মাসেই সীমানা পুননির্ধারণের কাজ শেষ হবে।
আগামী আগস্টের মধ্যেই ওজর-আপত্তি ও সব ধরনের সংশোধনী প্রক্রিয়া শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
