২০২৫ সালে খুন আর আতঙ্কের শহর ছিল ‘খুলনা’

নিজস্ব প্রতিনিধি

3 Min Read

২০২৫ সালজুড়ে খুলনা মহানগর ও জেলা ছিল খুন, আতঙ্ক আর নিরাপত্তাহীনতার জনপদ। প্রকাশ্যে হত্যাকাণ্ড, আদালত চত্বরে জোড়া খুন, একই পরিবারের একাধিক সদস্যকে নৃশংসভাবে হত্যা এবং নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় বছরজুড়েই আলোচনায় ছিল অঞ্চলটি। নগরবাসীর মধ্যে তৈরি হয় স্থায়ী ভয়ের আবহ।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুলনা মহানগর ও জেলায় মোট ৮৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৩৬টি এবং জেলা পর্যায়ে ৪৭টি খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন নদী ও জলাশয় থেকে অর্ধশতাধিক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।

বছরজুড়ে একাধিক নৃশংস হত্যাকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দেয়। ১১ জুলাই দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় দিনে-দুপুরে বাড়ির সামনে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয় সাবেক যুবদল নেতা মাহাবুবুর রহমান মোল্লাকে। ৩০ নভেম্বর খুলনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে হাজিরা শেষে বের হওয়ার সময় গুলি ও কুপিয়ে হত্যা করা হয় হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে, যা বছরের সবচেয়ে আলোচিত ঘটনার একটি। ১৭ নভেম্বর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে মুক্তা কমিশনারের বাড়ির সামনে বৃদ্ধা মহিদুন্নেছা ও তার দুই নাতি ফাতিহা ও মুস্তাকিমকে নৃশংসভাবে হত্যা করা হয়। একই দিনে সোনাডাঙ্গার করিমনগরে ঘরের ভেতরে ঢুকে গুলি ও গলা কেটে হত্যা করা হয় আলাউদ্দিন মৃধা নামে এক যুবককে।

এছাড়া ১৮ ডিসেম্বর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে গুলিতে নিহত হন সাংবাদিক ইমদাদুল হক মিলন। ১৪ ডিসেম্বর রাতে রূপসা উপজেলার খানজাহান আলী সেতু এলাকায় গুলিতে নিহত হয় যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর।

খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্যমতে, নগরীর হত্যাকাণ্ডগুলোর পেছনে একাধিক কারণ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষই বেশি। পাশাপাশি পারিবারিক কলহ, পরকীয়া, জমি ও ব্যবসায়িক বিরোধ, প্রেমঘটিত বিষয় এবং অজ্ঞাত কারণেও খুনের ঘটনা ঘটেছে। কেএমপির সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান জানিয়েছেন, এ পর্যন্ত ২৩টি মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে, বাকিগুলোর তদন্ত চলমান।

মাসভিত্তিক হিসাবে মে, আগস্ট, অক্টোবর ও নভেম্বর মাসে হত্যাকাণ্ডের সংখ্যা তুলনামূলক বেশি ছিল। থানাভিত্তিক হিসেবে সদর, সোনাডাঙ্গা ও লবণচরা থানায় খুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। জেলা পর্যায়ে ৯টি উপজেলায় সংঘটিত ৪৭টি হত্যাকাণ্ডের মধ্যে রূপসা উপজেলাতেই ঘটেছে ১৩টি, যার অধিকাংশই গুলিতে। এরপর ফুলতলা, ডুমুরিয়া ও দাকোপ উপজেলায় খুনের সংখ্যা তুলনামূলক বেশি।

পুলিশ ও অপরাধ বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে বের হওয়া একাধিক কুখ্যাত সন্ত্রাসী আবার এলাকায় সক্রিয় হয়ে ওঠায় পরিস্থিতির অবনতি হয়েছে। অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা বাড়ছে। খুলনার নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। গোয়েন্দা নজরদারি জোরদার ও সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *