আবেগ, উত্তেজনা আর নস্টালজিয়ায় শেষ হলো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর দশকব্যাপী যাত্রা

সাইয়েদ সিয়াম, বিনোদন ডেস্ক

3 Min Read

দর্শকের আবেগকে শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে পর্দা নামাল জনপ্রিয় মার্কিন সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। টানা ১০ বছরের রোমাঞ্চকর গল্পের সমাপ্তি টানল প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের শেষ পর্বের মাধ্যমে।

শেষ পর্ব মুক্তির সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে ভক্তদের ঢল নামে নেটফ্লিক্সে। দর্শকের চাপ এতটাই বেশি ছিল যে কিছু সময়ের জন্য ওটিটি প্ল্যাটফর্মটির সার্ভার বিভ্রাটে পড়ে। গ্রিনিচ মান সময় রাত ১টায় পর্বটি প্রকাশের পর অনেকেই ‘এরর’ বার্তার মুখে পড়েন। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।

২০১৬ সালে যাত্রা শুরু করা এই সিরিজের পটভূমি ছিল ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কাল্পনিক শহর হকিন্স। আশির দশকের আবহে তৈরি এই অতিপ্রাকৃত গল্পই মিলি ববি ব্রাউনকে এনে দেয় বৈশ্বিক পরিচিতি। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন উইনোনা রাইডার ও ডেভিড হারবার।
শেষ পর্বের শিরোনাম ছিল ‘চ্যাপ্টার এইট: দ্য রাইট সাইড আপ’। গল্পের চূড়ান্ত মুহূর্তে যেমন ছিল টানটান উত্তেজনা, তেমনি প্রিয় চরিত্রগুলোর পরিণতি দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেক দর্শক।

বড় পর্দায় শেষ অধ্যায়, ভক্তদের উৎসব

সিরিজটির সমাপনী পর্ব উপলক্ষে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরের সিনেমা হলে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিরিজের অভিনয়শিল্পীরাও। ভক্তদের সঙ্গে একসঙ্গে শেষ অধ্যায় উপভোগ করেন তারা।

লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডে অবস্থিত ঐতিহাসিক ‘দ্য ইজিপশিয়ান থিয়েটার’-এ দেখা যায় ভক্তদের দীর্ঘ লাইন। বৃষ্টি উপেক্ষা করেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা। নেটফ্লিক্সের নিজস্ব এই প্রেক্ষাগৃহটি সাম্প্রতিক সংস্কারের পর বড় প্রিমিয়ার ও বিশেষ ইভেন্টের জন্য ব্যবহৃত হচ্ছে।

প্রত্যাশা, বিশ্লেষণ আর ‘ভুল’ খোঁজার উন্মাদনা

ডাফার ব্রাদার্স নির্মিত এই সিরিজের শেষটা কেমন হবে, তা নিয়ে প্রত্যাশার চাপ ছিল বিপুল। শেষ সিজন চলাকালীন ভক্তরা আগের সব পর্ব নতুন করে খুঁটিয়ে দেখেছেন। ‘আপসাইড ডাউন’-এর রহস্য, ভেকনার ভূমিকা, এমনকি সম্ভাব্য টাইম ট্রাভেল—সবকিছু নিয়েই চলেছে তুমুল আলোচনা।

খুঁতখুঁতে দর্শকদের চোখ এড়ায়নি কিছু অসংগতি। আশির দশকের গল্পে একটি দৃশ্যে আধুনিক পোশাক ব্র্যান্ডের লোগো দেখা যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়। আবার কোনো কোনো দৃশ্য ঘিরে চরিত্রের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এ ছাড়া কে বাঁচবে, কে মরবে—এ নিয়েও ছিল লাগামহীন জল্পনা। সবচেয়ে বেশি আলোচনায় ছিল জনপ্রিয় চরিত্র স্টিভ হ্যারিংটন। শেষ লড়াইয়ে তার পরিণতি কী হবে, তা নিয়ে ভক্তদের উদ্বেগ ছিল চোখে পড়ার মতো।

দর্শকের চোখের পানি আর সন্তুষ্টির হাসি

বিশেষ প্রদর্শনীতে অংশ নেওয়া অনেক ভক্ত আবেগ সামলাতে পারেননি। ডেমোগরগনের পুতুল হাতে কেউ কাঁদছেন, কেউ আবার ‘মাইন্ড ফ্লেয়ার’-থিমের পোশাকে শেষ মুহূর্ত উদযাপন করেছেন।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব এড়িয়ে শেষ পর্বটি দেখেছেন সম্পূর্ণ চমক ধরে রাখার জন্য। তাদের মতে, প্রেক্ষাগৃহে অন্য ভক্তদের সঙ্গে একসঙ্গে হাসা, চিৎকার করা আর কেঁদে ফেলার অভিজ্ঞতা ছিল আলাদা রকমের।
শেষ পর্যন্ত দর্শকদের বড় একটি অংশই মনে করছেন—এই গল্পের জন্য এর চেয়ে মানানসই সমাপ্তি আর হতে পারত না। আবেগ, স্মৃতি আর সন্তুষ্টি—সব মিলিয়েই ‘স্ট্রেঞ্জার থিংস’ তার দশকব্যাপী অধ্যায়ের ইতি টেনেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *