ইসরায়েলি হামলায় নিহত ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যুর পর সামনে এসেছে তার লেখা শেষ চিঠি, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
মঙ্গলবার (মার্চ ১৭) রাতে বিমান হামলায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান। তবে মৃত্যুর আগে তিনি দেশের জন্য প্রাণ দেওয়া শহীদদের উদ্দেশে একটি আবেগঘন চিঠি লিখে যান।
চিঠিতে তিনি শহীদদের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের আত্মত্যাগ ইরানের ইতিহাসে নতুন নয়। বরং এসব শাহাদাত দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও লেখেন, শহীদরা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী—যারা দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
চিঠিতে শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে লারিজানি বলেন, এই ক্ষতি অপূরণীয় হলেও শহীদদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।
উল্লেখ্য, লারিজানি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনীর ঘনিষ্ঠ সহযোগীদের একজন। তার মৃত্যু এবং শেষ বার্তা এখন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে গুরুত্ব পাচ্ছে।
