“দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, বরং ষড়যন্ত্র আরও জোরেশোরে শুরু হয়েছে”—উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশান লেকশোর হোটেলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
তারেক রহমান বলেন, “বিবেকবান মানুষ বলছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ দেশের মানুষ যেমন ১৯৭১ সালে স্বাধীনতার জন্য লড়াই করেছে, তেমনি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সোচ্চার হয়েছে। আবারও সবাইকে সচেতন হতে হবে—কারা ষড়যন্ত্র করছে, কারা কথাবার্তা পরিবর্তন করছে, এসব দিকে নজর রাখতে হবে।”
অনুষ্ঠানে জুলাই-আগস্ট অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১৪২ জন ছাত্রদল নেতাকর্মীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর বেদনা ও বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন।
তারেক রহমান জানান, “তিন মাস আগে আমরা জুলাই সনদ লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়েছি। এখন দায়িত্ব সরকারের, তারা কী করবে না করবে, সেটি তাদের বিষয়।” তিনি অভিযোগ করেন, “কিছু কিছু নন-ইস্যুকে ইস্যু বানিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।”
তিনি বলেন, “প্রশাসনের ভেতরে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। সেই ভূত এবং নতুন কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।”
গত ১৫ বছরে ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, “যত সময় লাগুক, ধীরে সুস্থে প্রত্যেকটি হত্যার বিচার করব।”
পুরান ঢাকার সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “যুবদলের সঙ্গে নিহতের সম্পর্ক থাকতে পারে। কিন্তু যিনি হত্যা করেছেন, তাকে বাইরে থেকে আনা হয়েছে। অথচ খুনীকে এখনও ধরা হচ্ছে না। কেন প্রশাসন বসে আছে? আইনশৃঙ্খলা বাহিনী চালায় তো সরকার, বিএনপি না।”
তিনি বলেন, “বিএনপি যা বলে, তা কাজে প্রমাণ করেছে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ সকল ক্ষমতার উৎস। দেশ কারও একক মালিকানা নয়, ২০ কোটি মানুষের। বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশই সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা।”
ক্ষমতায় গেলে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ছাত্রদল ও বিএনপির শীর্ষ নেতারা।
