নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে তথ্য আসে যে ওই এলাকায় একটি বোটে বিপুল পরিমাণ সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা হচ্ছে। তথ্য যাচাইয়ের জন্য ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় বোটটি তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের জন্য রাখা ৭৭০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা। এই ঘটনায় দুইজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
