নির্বাচনের আগে মোবাইল সিমকার্ড ব্যবস্থাপনায় আরও কঠোর হচ্ছে সরকার। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একজন গ্রাহক সর্বোচ্চ কতটি সিম রাখতে পারবেন—সে বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী পয়লা জানুয়ারি থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি নতুন সিম নিবন্ধন করতে পারবেন।
বর্তমানে যেসব গ্রাহকের নামে ছয় থেকে ১০টি পর্যন্ত সিম রয়েছে, সেগুলোর সংখ্যাও ধাপে ধাপে পাঁচে নামিয়ে আনা হবে। সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে আগের মতোই আপত্তি জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। তাদের দাবি, এতে ব্যবসায়িকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিটিআরসির পর্যবেক্ষণে উঠে এসেছে, সিম বিক্রির সময় কিছু অসাধু বিক্রেতা গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছেন। পরে সেই তথ্য ব্যবহার করে অতিরিক্ত ও অবৈধ সিম নিবন্ধন করা হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে একজন গ্রাহক এক দিনেই দুইটির বেশি সিম কিনছেন, যা স্বাভাবিক নয় বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।
এই অনিয়ম ঠেকাতেই সিম নিবন্ধনে নতুন সীমা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি।
সিম ব্যবহারের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন নবম। এ তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো উন্নত দেশও।
বিটিআরসির সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের অক্টোবরে দেশে মোট মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৫৯ লাখ, রবির ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৭৯ লাখ এবং টেলিটকের গ্রাহক ৬৬ লাখ ৭০ হাজার।
দেশে বর্তমানে মোট নিবন্ধিত সিমের সংখ্যা প্রায় ২৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ১৯ কোটি, আর বাকি সিমগুলো নিবন্ধিত হলেও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।
এর আগে গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে স্বেচ্ছায় বাতিল বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দেয় বিটিআরসি। সংস্থার তথ্যমতে, সে সময় দেশে প্রায় ৬৭ লাখ সিম ছিল, যেগুলো একজন গ্রাহকের নামে ১০টির বেশি সক্রিয় অবস্থায় ছিল।
গত তিন মাসে এর মধ্যে প্রায় ১৫ লাখ সিম গ্রাহক নিজেরা বাতিল করেছেন। তবে এখনও প্রায় ৫০ থেকে ৫৩ লাখ সিম বাতিল হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়ায় এসব সিম পর্যায়ক্রমে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে।
বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন,
তিন মাস সময় দেওয়ার পরও যারা ডি-রেজিস্ট্রেশন করেননি, তাদের সক্রিয় সিম বাতিল করা হবে। কতগুলো সিম এখনো অবৈধভাবে চালু আছে, তা পর্যালোচনা করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, পয়লা জানুয়ারি থেকে নতুন করে সিম নিবন্ধনের ক্ষেত্রে একজন গ্রাহকের নামে পাঁচটির বেশি সিম নিবন্ধনের সুযোগ আর থাকবে না।
