স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

জ্বালানি সংকটের কথা বিবেচনায় রেখে এবার স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন এবং ২৬ মার্চের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে ঐতিহ্যগতভাবে বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হয়ে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে এ বছর দেশব্যাপী আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি দিবসটি ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দফতর, মন্ত্রণালয় এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

তিনি আরও জানান, গণহত্যা দিবস হিসেবে পালিত ২৫ মার্চ অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বেদনার সঙ্গে যথাযথ মর্যাদায় পালন করা হবে। এদিনের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া ২৬ মার্চ ভোরে জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি নিরাপদে সম্পন্ন করা এবং যাতায়াত সহজ রাখতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে ঈদের আগে সব পোশাক কারখানাকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ছুটিতে সবাই স্বস্তিতে থাকতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *