নির্বাচন নিয়ে ভীষণ রকম শঙ্কা আছে: রুমিন ফারহানা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, নির্বাচনকালীন সময়ে মব সন্ত্রাস, অবৈধ অস্ত্র এবং প্রশাসনিক দুর্বলতা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি ছিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।

রুমিন ফারহানা বলেন, নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু হলেই ভোটের দিন এবং ফলাফল ঘোষণার সময় পর্যন্ত মব সন্ত্রাসের আশঙ্কা থেকে যায়। তিনি অভিযোগ করেন, থানা লুট হওয়া অবৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এমন অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রার্থীদের অস্ত্রের আবেদন করলে তা দেওয়ার বক্তব্য মব সন্ত্রাসকে এক ধরনের বৈধতা দেওয়ার শামিল। তিনি এটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন,

আমার ভরসা আমার মানুষ। গণমাধ্যমকর্মীরাও আমার বড় শক্তি। নির্বাচনের দিন আপনারা মাঠে থাকবেন। কোথাও সামান্য অনিয়ম দেখলেই আমাকে এবং অন্যান্য প্রার্থীদের জানাবেন। আপনাদের হাতে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সঠিকভাবে ব্যবহার করলে দুষ্কৃতিকারীরা নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না।

নিজের নিরাপত্তা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন,

হেফাজতের মালিক আল্লাহ। এত ভয় ও শঙ্কার মধ্যেও যদি আমাকে নিরাপত্তা না দেওয়া হয়, তবে সেটাকে আমি আল্লাহর ফয়সালা হিসেবেই মেনে নেব।

মনোনয়ন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তিনি মনোনয়ন কিনবেন না। ভোটাররাই যদি মনে করেন তিনি প্রার্থী হবেন, তাহলে জনগণই তাকে ‘কিনবেন’—তিনি নিজে নয়।

সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মালু মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন মিয়া। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *