“আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ চাই”- জামায়াতে আমীর

2 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় নিজস্ব অফিসে রয়টার্সকে এক সাক্ষাতকার প্রদান করেছেন। নির্বাচন সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেছেন,

আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই। যদি রাজনৈতিক দলগুলো একসঙ্গে আসে, তাহলে আমরা সবাই মিলে সরকার চালাব।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত নিজেদের শক্তি প্রদর্শন করতে প্রস্তুত। নির্বাচনের পর দলটি ঐকমতের সরকারে যোগ দিতে আগ্রহী এবং ইতিমধ্যেই কয়েকটি দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রায় ১৭ বছরের মধ্যে এবার প্রথমবারের মতো জামায়াত নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকতে পারে।

নিজের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন,

যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয় করবে, সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি জামায়াত সর্বোচ্চ আসনে জয় পায়, তবে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হব কি না।

শফিকুর রহমান ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেন, তার দল কোনও নির্দিষ্ট দেশের প্রতি পক্ষপাতী নয়, বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। তিনি যোগ করেন,

সবার প্রতি খোলা মনোভাব রাখা এবং সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই।

তিনি সরকারের পতনের পর বাংলাদেশের ভারত সম্পর্কের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ভারত সম্ভাব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এছাড়া চলতি বছরে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকও করেছেন তিনি।

 

 

তথ্যসূত্র: রয়টার্স

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *