ঢাকা–৮ এর লড়াইয়ে নতুন মুখ, ওসমান হাদির আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ (রমনা–মতিঝিল) আসন নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আসন থেকেই এবার নির্বাচনে লড়তে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের পক্ষ থেকে তিনি মনোনয়ন ফরম জমা দেন। রাজপথের আন্দোলন থেকে সংসদের রাজনীতিতে প্রবেশ—এই যাত্রাকে নাসীরুদ্দীন পাটওয়ারী দেখছেন একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা হিসেবে।

জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এর আগে ঢাকা–১৮ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত ঢাকা–৮ আসনকেই বেছে নেন। দলীয় সূত্র বলছে, নির্বাচনের মাধ্যমে তিনি ‘বিপ্লবের আকাঙ্ক্ষা’ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জনগণের সামনে তুলে ধরতে চান।

ঢাকা–৮ আসনটি সম্প্রতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির নামের সঙ্গে যুক্ত হওয়ার কারণে। দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার আগে এই আসন থেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। ফলে ওই আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রার্থিতা রাজনৈতিকভাবে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এদিকে একই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। সব মিলিয়ে রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসনে এবার লড়াই যে বেশ তীব্র হতে যাচ্ছে, তারই ইঙ্গিত দিচ্ছে বর্তমান পরিস্থিতি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *