ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ: ২০১৯ সালের মতো ভোট হলে প্রত্যাখ্যানের হুঁশিয়ারি

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন,

যদি ২০১৯ সালের মতো ব্যালট বাক্স আগে থেকেই ভরে রাখার মতো অনিয়মের চেষ্টা হয়, শিক্ষার্থীরা এই নির্বাচন প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন। বাকের অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার মতো নানা কর্মকাণ্ড চলছে। তিনি বলেন,

প্রার্থীদের নিয়ে অনলাইনে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, অনেকেই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এছাড়া আমাদের প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না।

তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সাইবার হয়রানি ও বিভ্রান্তি ছড়ানোর কার্যক্রম বন্ধ করা জরুরি। তার আশঙ্কা, নির্বাচনে কারচুপির জন্য নানা প্রক্রিয়া চালানো হতে পারে।

তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তাই প্রার্থীরা শেষ সময়ের প্রচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *