নাহিদ ও পাটওয়ারীকে ইসির শোকজ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন—ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৮ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী তাদের শোকজ নোটিশ দেন।

নাহিদ ইসলামকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত এবং ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ’র পক্ষে থাকুন’ স্লোগানযুক্ত বিলবোর্ড দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থি।

চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না।

এ কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণ এবং একই দিন সকাল ১১টার মধ্যে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়, ঢাকা-৮ আসনের বিভিন্ন স্থানে তার ছবি সংবলিত ‘ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী’ ও ‘গণভোটকে হ্যাঁ বলি’ স্লোগানযুক্ত বিলবোর্ড পাওয়া গেছে, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।

তাকেও ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে বিলবোর্ড অপসারণ এবং সকাল ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *