ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ার ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেছেন, সহিংস পরিবেশে কখনোই গণতন্ত্র পুনঃস্থাপন সম্ভব নয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেন, গণমাধ্যম দমন, অবাধ তথ্য প্রবাহে বাধা এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার ফলে গোপনীয়তার সংস্কৃতি তৈরি হয়। আর এই সংস্কৃতি ক্ষমতার অপব্যবহারের সবচেয়ে বড় অস্ত্র। তাই সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।
তিনি আরও বলেন, সহিংস পরিবেশ ক্ষমতার অপব্যবহারকে পুনর্বহাল করে। এটি শুধু বাংলাদেশেই নয়, প্রায় সব দেশেই গুরুতর উদ্বেগের বিষয়।
বাংলাদেশ প্রসঙ্গে ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেন, দুর্নীতির সূচকে কিছুটা অগ্রগতি হলেও অর্থ পাচার এখনও বড় সংকট। প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়, যা দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতি তৈরি করছে। এই অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যবহার করা গেলে দেশের জিডিপি আরও এগিয়ে যেত।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকার গঠিত হলেও টিআইবি তার সমালোচনা চালিয়ে যাবে। কারণ টিআই সবসময় ক্ষমতার সঙ্গে থেকেও ক্ষমতার সমালোচনায় সোচ্চার।
সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
