জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে: ধর্ম উপদেষ্টা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লব বাংলাদেশের জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এক অবারিত সুযোগ তৈরি করেছে। এই সুযোগের যথাযথ ব্যবহার নিশ্চিত না করা হলে তা হাতছাড়া হয়ে যাবে এবং জাতি অনুশোচনার গ্লানিতে দগ্ধ হবে।

বুধবার (১৩ আগস্ট) বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি’র কাউন্সিল হলে “গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র-শিক্ষক পরিষদ আয়োজিত এ সেমিনারে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আলেমরা কখনও আন্দোলনের অগ্রভাগে থেকেছেন, কখনও রক্ষণশীল অবস্থান নিয়েছেন, কিন্তু সর্বদাই সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জাতীয় ইস্যুতে অবদান রেখেছেন।

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, “এ গণঅভ্যুত্থানে তারা শুধু শারীরিক উপস্থিতিই দেননি, বরং পরিকল্পনা, নেতৃত্ব ও আত্মত্যাগের মাধ্যমে বিপ্লবকে এগিয়ে নিয়েছেন।”

সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামি কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ও মাওলানা সাখাওয়াত হোসেন রাজী প্রমুখ।

Share This Article