নরসিংদীতে পিকনিক শেষে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর ড্রিম হলিডে পার্ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই দিন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে উপলক্ষে সাংবাদিকরা ড্রিম হলিডে পার্কে যান। অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে হামলার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সাময়িকভাবে রাস্তার পাশে দাঁড় করানো হলে স্থানীয় একদল সন্ত্রাসী সাংবাদিকদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এতে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলায় মো. শাহেদ, মহসিন, সাখাওয়াত কাউসারসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি। সংগঠনটি জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাধবদী থানায় মামলার প্রস্তুতি চলছে।
