ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ যখন ভারত, আর মাঠে নামছেন হামজা চৌধুরী ও সমিত সোমের মতো খেলোয়াড়রা—দর্শক উন্মাদনা স্বভাবতই বেশি। তবে টিকিটের চাহিদা ছিল অকল্পনীয়। টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল সব আসন!
আজ দুপুর ২টা থেকে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম ‘Quicket’ এ বিক্রি শুরু হয় ম্যাচের টিকেট। মোট ছয়টি ক্যাটাগরির টিকিটের সবই বিক্রি হয়ে যায় কয়েক মিনিটে। প্ল্যাটফর্মটিতে গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছিল ৫০০ টাকা। ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩-এর টিকিট ছিল ৩ হাজার টাকা করে, আর ভিআইপি বক্স ২, ক্লাব হাউস ১ ও রেড বক্সের টিকিট বিক্রি হয় যথাক্রমে ৪, ৫ ও ৬ হাজার টাকায়।
বাংলাদেশ-ভারতের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের অংশ হিসেবে। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি মূলত আনুষ্ঠানিকতা, কারণ গত ১৪ অক্টোবর হংকংয়ের কাছে হেরে মূলপর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে লাল-সবুজদের।
নেপাল ও ভারতের ম্যাচকে সামনে রেখে গত ৩০ অক্টোবর শুরু হয় হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অনুশীলন ক্যাম্প। ৫ নভেম্বর ঘোষণা করা হয় দল, আর আজ যোগ দেওয়ার কথা হামজা চৌধুরীর। কানাডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় সমিত সোম যোগ দেবেন আগামীকাল।
এই ফিফা উইন্ডো বাংলাদেশের জন্য বিশেষ এক অধ্যায়ও বটে—প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল। তিনি বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন গত জুনে। স্বভাবজাত সেন্ট্রাল মিডফিল্ডার কিউবা ড্রিবলিং, শর্ট পাসিং, দ্রুত ট্রানজিশন ও ট্যাকলিংয়ে সমান পারদর্শী। খেলার গতি ও টেম্পো নিয়ন্ত্রণে তিনি কোচের নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারেন।
বাংলাদেশের ফুটবলে নতুন মুখ, স্টেডিয়ামে উচ্ছ্বাস, আর মাত্র চার মিনিটে শেষ হওয়া টিকিট—সব মিলিয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।
