জুলাই সনদের পথে সপ্তম দিনের সংলাপ : রাষ্ট্র সংস্কারে ঐকমত্যের আহ্বান

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

3 Min Read

 

রাষ্ট্র সংস্কারের বড় কর্মযজ্ঞে ঐকমত্য খুঁজতে সপ্তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে এ সংলাপকে কমিশন বলছে ‘সময়সীমার মধ্যে শেষ করতে হবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ সংলাপের দ্বিতীয় দফার আনুষ্ঠানিক সূচনা হয়। সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশনের সদস্য হিসেবে আলোচনায় অংশ নেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আজকের আলোচনায় অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

“কমিশন আপনাদের প্রতিপক্ষ নয়,” সূচনা বক্তব্যে ড. আলী রীয়াজ বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের জন্য সরকারের অর্পিত দায়িত্ব পালন করছি। বিভিন্ন দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে কমিশনকে অনেক ক্ষেত্রে নমনীয় হতে হয়েছে। কারণ, আপনারাই জনগণের বিরাট অংশের প্রতিনিধি। আর আপনাদের মধ্য দিয়েই একসময় দেশ শাসিত হবে।”

জুলাই সনদ তৈরির সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, “একদিন পরই জুলাই। জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদে উপনীত হওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করেছিলাম, শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব। কিন্তু কাজটি সম্ভব হবে কি-না, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর।”

রাষ্ট্র সংস্কার নিয়ে ড. আলী রীয়াজ বলেন, “রাষ্ট্র সংস্কার বিশাল বিষয়। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো সাংবিধানিক পরিবর্তন করা যাবে না। অতীতে ব্যক্তিতান্ত্রিক শাসনব্যবস্থা তৈরির অভিজ্ঞতা আমাদের আছে। ভবিষ্যতেও সে ঝুঁকি থেকে মুক্ত নই। তাই সাংবিধানিক, আইনগত এবং বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে রক্ষাকবচ তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। দায়িত্ব পালনে কেউ যেন কুণ্ঠিত না হয়। এটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়।”

কমিশন সূত্র জানায়, আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিটি গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়ে অধিকতর আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুন রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের সংলাপ শেষে কমিশন তিন দিনের বিরতি দিয়েছিল, যাতে দলগুলো নিজেদের মধ্যে মতানৈক্যের বিষয়গুলোর সমাধান করতে পারে।

কমিশন রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে, রাষ্ট্রকল্যাণের স্বার্থে ন্যূনতম ঐকমত্য গড়ে তুলতে এবং জুলাই সনদ তৈরির আহ্বান জানিয়েছে। এখন প্রশ্ন—দলগুলো ঐকমত্যের পথে কতটা এগোতে পারবে, আর তাতেই নির্ভর করছে দেশের রাষ্ট্র সংস্কারের নতুন ইতিহাস লেখা হবে কি-না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *