জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ আদেশ দেন। আদালতের নির্দেশে জিএম কাদের সাময়িকভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকবেন।

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ দলের সাবেক শীর্ষ ১০ নেতার আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। রায়ের মাধ্যমে আদালত ওই ১০ নেতার বহিষ্কারাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন এবং তাদের প্রাথমিক সদস্যপদ ও সাংগঠনিক পদ ফিরিয়ে দেন।

পদ ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, মো. মুজিবুল হক চুন্নু, এম এ রাজ্জাক খান, সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাজমা আকতার (ফেনী), মো. জহিরুল ইসলাম জহির (টাঙ্গাইল), মোস্তফা আল মাহমুদ (জামালপুর), জসীম উদ্দিন (নেত্রকোনা) এবং আরিফুর রহমান খান (গাজীপুর)।

গত ১০ জুলাই দল থেকে অব্যাহতি পাওয়া এই নেতারা জিএম কাদেরসহ দুইজনকে বিবাদী করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে আপাতত তারা নিজেদের পদে বহাল থাকবেন এবং জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা স্থগিত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *