সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার দ্রুত বিচার এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ ৩৯ দফা দাবি জানিয়েছে দেশের শীর্ষ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব কাদের গণি চৌধুরী।
বক্তারা বলেন, সাগর-রুনি হত্যার বিচার দীর্ঘদিন ঝুলে আছে, যা সাংবাদিক সমাজের প্রতি অবিচার। তারা বলেন,
সরকারকে অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে নেতারা আরও বলেন, গণমাধ্যমকর্মীদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাপ্তাহিক দুই দিন ছুটি, সংবাদপত্রের আর্থিক স্বচ্ছতা ও স্বাধীনতা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন, এবং জুলাই সনদে সাংবাদিকদের অবদান স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন,
গণমাধ্যমের স্বাধীনতা এখন নানা চাপের মুখে। সাংবাদিকরা ন্যায়বিচার ও ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা বলেন, এসব দাবির বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
দেশের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা সমাবেশে যোগ দেন। তাদের হাতে ছিল নানা দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।
