যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ফাঁস হওয়া ওই অডিওতে সংশ্লিষ্ট কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ ক্রমশ ইসলামপন্থার দিকে ঝুঁকছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পেতে পারে। এমন পরিস্থিতিতে দলটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র।
অডিওতে ঢাকাভিত্তিক ওই মার্কিন কূটনীতিককে নারী সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করতে শোনা যায়, তারা কি ছাত্রশিবিরের নেতাদের টেলিভিশন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন কি না।
ফাঁস হওয়া আলোচনায় কূটনীতিকটি বলেন, জামায়াতে ইসলামী শরীয়াহ আইন চালু করবে না বলে তার ধারণা। তবে যদি কোনোভাবে শরীয়াহ আইন বাস্তবায়ন করা হয় এবং নারীদের কাজের সময় পাঁচ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ করার মতো বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ থেকে পোশাক শিল্পের অর্ডার নেবে না।
তিনি বলেন,
অর্ডার না থাকলে বাংলাদেশের অর্থনীতিও টিকে থাকবে না।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ও উচ্চশিক্ষিত বাংলাদেশিদের মাধ্যমেও এ ধরনের সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি। এমনকি পোশাক শিল্পের ওপর শুল্ক আরোপের কথাও আলোচনায় উঠে আসে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মোনিকা শিই-এর সঙ্গে যোগাযোগ করে ওয়াশিংটন পোস্ট। তিনি আলোচনার বিষয়টি স্বীকার করে জানান, গত ডিসেম্বরে এই কথোপকথন হয়েছিল এবং এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল, যেখানে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তবে এসব আলোচনা সাধারণত প্রকাশযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে মোনিকা শিই জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক না কেন, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করবে।
এদিকে, বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার বিষয় তারা প্রকাশ্যে আনেন না। তবে দলটির মুখপাত্র মোহাম্মদ রহমান জানান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ওয়াশিংটনে জামায়াত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চার দফা বৈঠক হয়েছে। পাশাপাশি ঢাকাতেও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, সর্বশেষ গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রেয়ারের সঙ্গে জামায়াতের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
