জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ

সিদ্দিকুর রহমান, ডেস্ক রিপোর্ট

2 Min Read

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নুরুল হক নুরের ওপর হামলাও সেই ষড়যন্ত্রের অংশ।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন,

বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পার্টি একটি চিহ্নিত ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় নুরের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।

তিনি আরও যোগ করেন,

সরকার কিংবা জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদী শক্তিকে সমর্থন করার কোনো সুযোগ নেই। বরং জনগণ ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি।

উপদেষ্টা আসিফ হামলাকারীদের বিচার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন,

রাজনৈতিক দলের প্রধানের ওপর যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে এই হামলা ঘটেছে, তাই এর সমাধান ও বিচার এই সরকারকেই করতে হবে।

তিনি আরও প্রশ্ন রাখেন

নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলা হয়? কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি, সেটা আগে বুঝতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *