দূর্নীতির মামলায় অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বেলাল হোসাইন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস, এক্সসাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) হিসেবে নিয়োগ করা হলো।
এর আগে বুধবার (৮ অক্টোবর) তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে বদলি করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ অক্টোবর)। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, বেলাল হোসাইন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করলেও তা প্রকাশ না করে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য দিয়েছেন। এছাড়া, তার মোট অর্জিত সম্পদের পরিমাণ ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকা, যা জ্ঞাত আয়বহির্ভূত বলে দুদক মনে করছে।
কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনাল হলো এনবিআরের অধীনে একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান। এই ট্রাইব্যুনালে করদাতারা বা ব্যবসায়ীরা কাস্টমস ও ভ্যাট সংক্রান্ত বিরোধের আপিল করতে পারেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা কর্মকর্তা আপিল শুনানি পরিচালনা ও রায় প্রদান করে এসব বিরোধ নিষ্পত্তি করেন।
এনবিআরের অভ্যন্তরীণ মহলে এই পরিবর্তন নিয়ে নানান আলোচনা চলছে। অনেকের মতে, সাম্প্রতিক এই সিদ্ধান্ত সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের একটি প্রতিফলন।
