তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো-পার্কের দুর্গম পাহাড় থেকে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী জান্নাতুল নিশা ইরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইরার চাচা মো. রমিজ।
গত রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইরার গলায় অস্ত্রোপচার করা হয়। পরদিন সোমবার তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
এর আগে রবিবার সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক এর ভেতরের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। ইকোপার্কের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
