নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে পর্যটন মৌসুম, যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধুমাত্র দিনের বেলা ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা, তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে অবস্থান করার সুযোগ থাকবে।

পর্যটকদের চাপ নিয়ন্ত্রণে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার জনকে সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হবে। এ জন্য বিশেষ একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যা পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের মাধ্যমে পরিচালিত হবে। যদিও সফটওয়্যারটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে শিগগিরই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশের পর্যটন শিল্প সুরক্ষায় একটি পর্যটন নীতিমালা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে। এর মাধ্যমে সেন্টমার্টিনসহ দেশের পর্যটন খাতকে আরও সুসংহত করার পরিকল্পনা রয়েছে। এর আগে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, দ্বীপ ভ্রমণে পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মানতে হবে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে নয় মাসের জন্য ভ্রমণ বন্ধ রাখা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে জানানো হয়, পুরো কার্যক্রম এখনো পর্যালোচনায় রয়েছে। আন্তর্জাতিক মানের এই টার্মিনাল বিদেশি নির্মাণ কোম্পানি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কবে চালু হবে তা নিশ্চিত নয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *