চট্টগ্রাম-৩: ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মনোনয়ন বাতিল, জামায়াতের উপর দায় চাপানোর অভিযোগ ভিত্তিহীন

নজরুল বিপ্লব (বিশেষ ইনসাইড)

5 Min Read
Highlights
  • চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসন
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নমিনেশন যাচাই-বাছাইয়ে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের বিরুদ্ধে। শুক্রবার, দিনভর যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মূলত মোহাম্মদ আমজাদ হোসেনের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২৮ ডিসেম্বর প্রার্থীর স্বাক্ষরিত ১০০ টাকা সম্বলিত স্টাম্পে প্রার্থী দ্বৈত নাগরিকত্বধারী অংশে “না” উল্লেখ করেছেন। পরবর্তীতে নাগরিকত্বধারী দেশের নাম ও নাগরিকত্ব ত্যাগের তারিখ উভয় অংশে “প্রযোজ্য নহে” উল্লেখ করেছেন।

মনোনয়নপত্র বাতিলের একই দিনে প্রার্থী নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে অভিযোগ করেন, তার প্রার্থীতা বাতিলের পেছনে কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্র রয়েছে। মুহূর্তের মধ্যেই লাইভটি সর্বত্র ছড়িয়ে পড়ে এবং শুরু হয় পক্ষে-বিপক্ষে কাদা ছুড়াছুঁড়ি।

পরদিন, শনিবার সন্দ্বীপ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্টি অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনে মোহাম্মদ আমজাদ হোসেন অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি দাবি করেন, কোনো একটি রাজনৈতিক দলের এক নেতার অভিযোগের কারণে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে। পাশাপাশি স্বীকার করেন, তিনি আগে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। দেশে এসে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ার পর তিনি বিদেশি নাগরিকত্ব বাতিল করে পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন।

এরপর সন্দ্বীপ রাজনৈতিক প্রাঙ্গণে উত্তাপ আরও ছড়িয়ে পড়ে। শুরু হয় অনলাইন ও অফলাইনে যুক্তি-তর্ক। এক পর্যায়ে পরোক্ষভাবে দায় চাপানো হয় সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর উপর। পরে মোহাম্মদ আমজাদ হোসেন ও তার সমর্থকদের বক্তব্য ও বয়ানে এটি স্পষ্ট হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, মোঃ রুবেল (পিতা–রুহুল আমিন), সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা, জেলা প্রশাসক চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার বরাবর এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সংসদীয় আসন চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) থেকে মনোনয়ন দাখিলকারী প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন তার হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। তিনি আমেরিকা প্রবাসী ও মার্কিন নাগরিক হলেও হলফনামায় বিষয়টি উল্লেখ করেননি।

নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে রুবেল দাবি করেন, বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপনের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

বাংলাদেশের সংবিধান ৬৬(১)(ঘ) ধারা অনুযায়ী, কোনো প্রবাসী দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করলে সে সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হবে। সংবিধানের এই ধারার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বিশ্লেষণ করলে তিনটি মূল বিষয় গুরুত্বপূর্ণ:

এক. আমজাদ হোসেন পূর্বে দ্বৈত নাগরিক ছিলেন, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে তা প্রত্যাহার করেছিলেন।

দুই. প্রত্যাহার করা হলেও তিনি হলফনামায় কোনো তথ্য উপস্থাপন করেননি, যা তথ্য গোপনের মতো মারাত্মক নির্বাচন বিধি লঙ্ঘনের অন্তর্ভুক্ত এবং সংবিধান ৬৬(১)(ঘ)-এর পরিপন্থী। মনোনয়ন বাতিলের জন্য এটাই যথাযথ এবং যুক্তিসঙ্গত কারণ।

তিন. মার্কিন নাগরিকতা প্রত্যাহার করেননি। তথ্য গোপন রেখে মনোনয়নপত্র বৈধ করতে চেয়েছেন।

অনুসন্ধান টিম মোহাম্মদ আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তার কাছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রত্যাহার ও বাংলাদেশের নাগরিকত্ব পুনঃপ্রাপ্তির উপযুক্ত প্রমাণ চাওয়া হয়েছিল। তবে তিনি তার বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। উল্টো, অনুসন্ধান টিমকে কোনো প্রতিবেদন প্রচার না করার অনুরোধ করেন। তিনি বলেন,

আপনারা বিষয়টি নিয়ে কোনো প্রতিবেদন না করলেই খুশি হবো। আমি সাংবাদিক সম্মেলনে এবং রিটার্নিং অফিসারের কাছে যা বলেছি, সে অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। ইনশাআল্লাহ, পরে বিস্তারিত জানাবো। দয়াকরে পরিস্থিতি শান্ত রাখুন।

দোষ চাপানোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদার ইনসাইড টিভিকে বলেন,

আমাদের বিরুদ্ধে আনা অনৈতিকতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটি কারও ব্যক্তিগত বিরোধ থেকে আসতে পারে। বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট প্রার্থীকে প্রশ্ন করেছিলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে তা জমা দিতে না পারায় মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল করার এখতিয়ার আমাদের নয়; এটি রিটার্নিং অফিসারের এখতিয়ার। তথ্য যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা চাই সবাই নির্বাচনে অংশ নিক এবং সুষ্ঠু নির্বাচন হোক।

সন্দ্বীপের অধিবাসী জসিম উদ্দিন ভুঁইয়া বলেন,

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কেবল এমপি হওয়ার মানসিকতা নিয়ে উন্নত দেশের নাগরিকত্ব ত্যাগ করাও যথেষ্ট নয়। রাজনীতির মাধ্যমে দেশসেবায় আন্তরিক হলে আদর্শভিত্তিক দলে যুক্ত হয়ে জনাব আমজাদ হোসেনকে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হয়ে ধীরে এগোনোর আহ্বান জানাচ্ছি।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ঘটিত এই ঘটনা প্রমাণ করছে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিধি-নিষ্ঠার গুরুত্ব অপরিসীম। তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান প্রার্থীকে নির্বাচনে অযোগ্য করে তুলতে পারে, এবং এ ধরনের বিতর্ক রাজনৈতিক পরিপ্রেক্ষিতেও নেতিবাচক প্রভাব ফেলে। সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন নিশ্চিত করার জন্য প্রার্থীদের যথাযথভাবে দায়িত্বশীল আচরণ করা অপরিহার্য।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *