রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে প্রায় ১৮৯ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আব্দুল হামিদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ব্যাংকের শীর্ষ পর্যায়ের সাবেক কয়েকজন কর্মকর্তা ও নুরজাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের পরিচালকরা।
দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে—মেসার্স মিজান ট্রেডার্সের নামে ছোলা ও গম আমদানির জন্য ঋণ অনুমোদন করা হলেও প্রকৃত সুবিধাভোগী ছিল নুরজাহান গ্রুপ এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেড। বেতনভোগী ব্যবসায়ী মিজানুর রহমানকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণ উত্তোলন করা হয়।
পরবর্তীতে নুরজাহান গ্রুপের একটি বেনামী প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা হয়। সেই হিসাব পরিচালনার দায়িত্ব দেয়া হয় জাসমীর ভেজিটেবল ওয়েলের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদকে। শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম ভেঙে নতুন প্রতিষ্ঠানকে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন করে এবং শর্ত যথাযথভাবে পালিত হচ্ছে কি না তা নিশ্চিত না করেই অর্থ ছাড় করে দেন।
ফলে প্রায় ৫১ কোটি টাকা মূলধন থেকে সুদ-আসল মিলিয়ে বর্তমানে দাঁড়িয়েছে ১৮৯.৮০ কোটি টাকা। পরিকল্পিত এই জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা হয়েছে।
