ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত ও খোলাবাজারে সরিয়ে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় পাঁচ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।
অভিযানে সরকারি সিলযুক্ত ১৪০ বস্তা চাল এবং খালি অবস্থায় আরও ১৫০ বস্তা উদ্ধার করা হয়। এ সময় দোকান থেকে বস্তা সরানোর সময় হাতেনাতে ধরা পড়েন শ্রমিক শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া। পরে পুলিশ তাদের আটক করে। অভিযুক্ত দোকান মালিক হিসেবে স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলীর নাম উঠে এসেছে।
ইউএনও শাহীনা নাছরিন বলেন, নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছে সরকার। নাসিরনগরে প্রায় ১১ হাজার পরিবার এই সুবিধার আওতায় রয়েছে। অথচ বিতরণের আগেই সরকারি বস্তা দোকানে মজুত পাওয়া গেছে, যা অনিয়মেরই প্রমাণ।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, গুদাম থেকে নিয়মিত ডিলারদের মাধ্যমে চাল সরবরাহ করা হচ্ছে। কীভাবে সরকারি সিলযুক্ত বস্তা দোকানে এল, তা তদন্তেই পরিষ্কার হবে।
এদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, সরকারি ত্রাণ ও খাদ্য সহায়তা নিয়ে নিয়মিত অনিয়ম হচ্ছে। তাই কঠোর নজরদারি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
