সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদসহ ২০ জনের বিরুদ্ধে ১২০ কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার পৃথকভাবে এসব মামলা করা হয়।
এর আগে শনিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে আরামিট গ্রুপের মালিকানাধীন ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের নথি উদ্ধার করে দুদক। ২৩ বস্তা ভর্তি এসব নথি থেকে বেরিয়ে আসছে অবিশ্বাস্য সব তথ্য।
দুদকের দাবি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুরের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় ছড়িয়ে রয়েছে সাবেক মন্ত্রীর শত শত অবৈধ সম্পদ। শুধু বিদেশে বাড়ি কেনা নয়, ভাড়া থেকে আয়, ব্যাংক হিসাব, রক্ষণাবেক্ষণ খরচ—সবকিছুর প্রমাণ মিলেছে উদ্ধার হওয়া কাগজপত্রে।
তদন্তে জানা গেছে, ১৬ সেপ্টেম্বর কালুরঘাটের আরামিট গ্রুপ কারখানা থেকে নথিগুলো সরিয়ে আনা হয়। ইউসিবিএলের চেয়ারম্যান রুকমীলা জামানের চালক ইলিয়াস তালুকদার সেগুলো প্রথমে মন্ত্রীর বাড়িতে নিয়ে যান। পরে ১৮ সেপ্টেম্বর, দুদকের অভিযান শুরুর আগে তড়িঘড়ি করে বস্তাগুলো পাশের বাড়িতে লুকিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত দুদক কর্মকর্তাদের নজর এড়াতে পারেনি কিছুই।
এদিকে আদালতের আদেশে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পথ খুলে দিয়েছে দুদক। অভিযোগ অনুযায়ী, ভুয়া কাগুজে প্রতিষ্ঠান “ভিশন ট্রেডিং”-এর নামে ভুয়া ঋণ অনুমোদন করিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। কর্মচারীর নামে মালিকানা দেখিয়ে পুরো অপারেশন সাজানো হয়।
দুদক বলছে, এসব মামলার মাধ্যমে শুধু অবৈধ সম্পদ নয়, আন্তর্জাতিক মানিলন্ডারিং চক্রের সাথেও সাবেক মন্ত্রীর সম্পৃক্ততার প্রমাণ মিলছে। একের পর এক মামলা ও বিদেশি সম্পদের নথি প্রকাশ পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে এখন তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
