লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে ইউএনওর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পদ হারিয়েছেন উপজেলা জামায়াতের আমির হাছেন আলী।
অভিযোগ অনুযায়ী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে হাছেন আলী নতুন নিয়োগ দেখিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ১৩টি নিয়োগ ফাইল পাঠান। এসব ফাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞার স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়।
হাতীবান্ধার ইউএনও শামীম মিঞা বলেন, তিনি কোনো নিয়োগ ফাইলে স্বাক্ষর করেননি। অনুমতি ছাড়া স্বাক্ষর স্ক্যান করে ব্যবহার করায় এটি সরাসরি জালিয়াতি। এ কারণে হাছেন আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৩১ জুলাই অভিযোগ জানাজানি হতেই উপজেলা প্রশাসনের নোটিশের পাশাপাশি রাতেই জামায়াতের জেলা কমিটি জরুরি বৈঠক ডেকে হাছেন আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন সেক্রেটারি রফিকুল ইসলাম, যিনি আপাতত ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, কলেজটি এমপিওভুক্ত হওয়ার পর থেকেই অধ্যক্ষ পদ নিয়ে বিরোধ চলছিল। চারজন প্রার্থী নিজেদের দাবিদার হওয়ায় সরকারি সুবিধা বঞ্চিত হচ্ছিল শিক্ষক-কর্মচারীরা। এ সুযোগে চলতি বছরের ১৩ মে ইউএনও শামীম মিঞা হাছেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন। কিন্তু স্বাক্ষর জালিয়াতির অভিযোগের ঘটনায় তার প্রশাসনিক ও রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
