আওয়ামী লীগের বিরুদ্ধে গোপন প্রশিক্ষণ ও গুপ্ত কার্যক্রম চালানোর অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিষিদ্ধ কার্যক্রমের নামে কোনো অপকর্ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি স্পষ্ট করে জানান, কেউ আইনভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো বাহিনীর সদস্য জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রমাণ মিললেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পাঁচ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, দেশে কোনো ধরনের শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা ও সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করায় কোনো দুশ্চিন্তার কারণ নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের মিডিয়া সত্য প্রচার করছে বলেই বিদেশি নেতিবাচক প্রচারণার প্রভাব কমে এসেছে এবং রাষ্ট্রের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
