ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মতামত বাধ্যতামূলক না হলেও এটি বিশ্বকে নীতি বদলের নৈতিক সাহস জোগাবে।
তিনি বলেন, আজকের প্রজন্ম হয়তো টিকে যাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জবাবদিহির আওতায় আনবে। নদী ভাঙন, অবকাঠামোগত দুর্বলতা, জলবায়ু অভিযোজন পরিকল্পনা ও স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, পুনর্বাসন ছাড়া নদী ভাঙন সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়।
রিজওয়ানা হাসান তরুণ প্রজন্মকে জলবায়ু আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ১০ থেকে ১২টি পরিবেশবান্ধব বার্তা তৈরি করে তরুণদের মাধ্যমে দেশের জন্য শক্তিশালী জলবায়ু বার্তা পৌঁছে দিই।”
গোলটেবিল আলোচনায় পরিবেশ মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবেশবাদী, তরুণ প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
