কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের ব্লকেড কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদ এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল ব্যাহত হতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে আসে।

দুপুরের দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে। এরপর লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং আশপাশের অলিগলিতে সরে যান। অভিযানের সময় কয়েকজনকে আটক করে পুলিশ।

তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করছিলেন। জনদুর্ভোগ এড়াতে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

এর আগে, সম্প্রতি বিটিআরসি ভবনে হামলার ঘটনায় মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ইতোমধ্যে প্রায় অর্ধশত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কারওয়ান বাজারের সর্বশেষ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *