শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারে নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর পদক্ষেপ না এলে শহীদী শপথ গ্রহণের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সরকারকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম ব্যর্থ হলে আগামীকাল (২৩ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে শাহবাগের হাদি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, একজন প্রকাশ্য হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতার পরিচয়। তারা দাবি করেন, যারা একটি হত্যার বিচার নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে একটি জাতীয় নির্বাচন পরিচালনা করবে—এই প্রশ্ন আজ জনমনে জোরালো হয়ে উঠেছে।
নেতাকর্মীরা আরও বলেন, হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় না আনা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এ সময় তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আল্টিমেটামের ২৪ ঘণ্টা শেষ হওয়ার পর আগামীকাল বিকেল ৩টায় শহীদ মিনারেই শহীদী শপথ গ্রহণ করা হবে। এতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
হাদির মৃত্যুর পর থেকেই হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ।
