পার্বত্য চট্টগ্রামে আবারও উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর (সোমবার) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বাঙালি সম্প্রদায় বৈষম্য ও সাংবিধানিক অধিকার বঞ্চনার শিকার হয়ে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
আমরা যুগের পর যুগ বঞ্চিত, আমাদের ভূমি, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। এই অবস্থা চলতে পারে না। তাই ন্যায্য ও সাংবিধানিক অধিকার আদায়ের জন্য আমরা ৮ দফা দাবিতে এই হরতালের ডাক দিয়েছি।
সংগঠনটির দাবির মধ্যে রয়েছে—
১. পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করা,
২. ভূমি কমিশনের পুনর্গঠন,
৩. ক্ষতিগ্রস্ত বাঙালি পরিবারকে পুনর্বাসন,এবং
৪. চাকরিক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ স্থানীয় প্রশাসনে সমঅংশগ্রহণের নিশ্চয়তা।
সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, দাবি আদায় না হলে কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।
বান্দরবান জেলা প্রশাসন জানিয়েছে, হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
