৫ ব্যাংক একীভূতকরণের প্রস্তাব অনুমোদন উপদেষ্টা পরিষদে

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুর্বল পাঁচটি ইসলামি ব্যাংককে একত্রিত করে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এজন্য সরকার ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে।

পাশাপাশি, ব্যাংক ও বিমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনেরও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

যে পাঁচ ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।

সূত্র জানায়, নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং এর মালিকানায় থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। পরবর্তীতে উপযুক্ত সময়ে এটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে।

এছাড়া, একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তার আমানত হারাবে না।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *