বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতি দূর করা হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটকে নির্মূল করতে পেরেছি। আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো।”
শেখ বশিরউদ্দীন আরও বলেন, গেল এক বছরে দেশের রিজার্ভ বৃদ্ধি, বাণিজ্য খাতে অগ্রগতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নির্বাচনের আগে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি জানান, “চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। জ্বালানি সংকট দূর করার মধ্যমর্তী ধাপে আমরা ইতোমধ্যেই উত্তীর্ণ হতে পেরেছি।”
তিনি বলেন, সরকার অর্থনৈতিক খাতে স্থিতিশীলতা আনতে নানা উদ্যোগ নিয়েছে। দেশের চামড়া শিল্প, কৃষি পণ্য এবং রপ্তানি খাতকে সমর্থন দিতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দেশের বাণিজ্য ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।
