চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে চলমান স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার সময় ১৪৪ ধারা অমান্য করে রাজনৈতিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
বুধবার বিকেলে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা দলে দলে কলেজ মাঠে জমায়েত হয়। বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ক্যাম্পাসে ভিড় বাড়তে শুরু করে। পরে বিকেল ৫টার কিছু পর নেতাকর্মীরা মাইক বাজিয়ে বক্তব্য দেন এবং ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করেন, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা জানিয়েছেন, দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিল। সমাবেশ ও মাইকিংয়ের কারণে পরীক্ষায় বিঘ্ন ঘটে। রানিহাটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন,
পরীক্ষার হলে বসে লিখছিলাম, হঠাৎ বাইরে থেকে উচ্চ স্বরে মাইকের শব্দে মনোযোগ নষ্ট হয়ে যায়। এভাবে পরীক্ষা চলাকালীন সমাবেশ করা ঠিক হয়নি।
শাহনেয়ামতুল্লাহ কলেজের আরেক পরীক্ষার্থী জানান, পরীক্ষার সময় দায়িত্বে থাকা এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন,
এভাবে আইন অমান্য করে কলেজের মধ্যে সমাবেশ ও মাইকিং করা ঠিক হয়নি। রাজনৈতিক দলগুলোর আরও সচেতন হওয়া উচিত।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জানান, পরীক্ষা চলাকালীন কলেজে ১৪৪ ধারা জারি থাকে। কলেজের প্রধান ফটকের নির্মাণকাজ চলায় আরেকটি গেইট খোলা থাকায় অনায়াসে ভেতরে প্রবেশ করেছে নেতাকর্মীরা। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোকে পাবলিক পরীক্ষা কেন্দ্রের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, কলেজে পরীক্ষা চলাকালীন রাজনৈতিক সমাবেশ বেআইনি। যদি কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাত, তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো।
