দীর্ঘ ১৯ বছর পর উত্তরবঙ্গ সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সিরাজগঞ্জে দোয়া মাহফিলসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আগামী ১১ জানুয়ারি বিকেল ৩টায় সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। এ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়া মাহফিলের স্থান পরিদর্শন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি আয়োজনে শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে টুকু জানান, উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে তারেক রহমান ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে বিকেলে সিরাজগঞ্জে পৌঁছাবেন। দোয়া মাহফিল যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের উত্তরবঙ্গে আগমন ঘিরে সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা বলছেন, এই সফর উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
