আন্দোলনে শহীদদের স্মরণে ফ্রি ছানি অপারেশন ও দোয়া মাহফিল বিএনপি’র

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে শহীদ ও গুমের শিকার নেতাকর্মীদের স্মরণে ফ্রি ছানি অপারেশন কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। সোমবার (২ ফেব্রুয়ারি) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. বেলাল হোসেন নাজিমের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ডা. রফিকুল ইসলাম বলেন, গত ১৭ বছরে সিরাজগঞ্জের মেরিসহ হবিগঞ্জ, চট্টগ্রাম, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে শত শত বিএনপি নেতাকর্মী স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মাত্র পাঁচ মিনিটের জন্য একবার দেখতে চাওয়ার মেরির আকুতি আমাদের হৃদয়কে নাড়া দেয়। তার কষ্ট ও যন্ত্রণার প্রতিটি কথা আমরা গভীরভাবে অনুভব করি।

ডা. বেলাল হোসেন নাজিম জানান, তারেক রহমানের নির্দেশে দলীয় উদ্যোগে মেরির চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হলেও দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একইভাবে দৃষ্টিশক্তি হারানো শতাধিক নেতাকর্মীর চিকিৎসার ব্যবস্থাও দলীয়ভাবে করা হয়েছে। তবে অনেকেই সম্পূর্ণ সুস্থ হতে পারেননি, কারও একটি চোখ নষ্ট হওয়ার পর অন্য চোখের দৃষ্টিশক্তিও ধীরে ধীরে কমে যাচ্ছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশে আমাদের অঙ্গীকার—এভাবে যেন আর কোনো মানুষ দৃষ্টিশক্তি হারাতে না হয়। তিনি শহীদ ও গুম হওয়া নেতাকর্মীদের স্মরণ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদুল ইসলাম জন, ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুবুল আলম নীলু, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রনি খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা-১৭ আসনের অন্তর্গত ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ছানি রোগী বাছাই করে অপারেশন সম্পন্ন করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. শোয়েব আহমেদ রবিন ও ডা. বেলাল হোসেন নাজিম।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *