ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। আগামী ১১ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছাবেন বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সময় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) মার্কিন সিনেট বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নিয়োগ অনুমোদন দেয়। এর মাধ্যমে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদনের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন এবং এজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়।

নতুন রাষ্ট্রদূতের আগমনকে ঘিরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *