কক্সবাজারের টেকনাফে মাছ ব্যবসায়ী মাহমুদুল হক (৩৮) মুক্তিপণ দিয়ে অপহরণকারীর কবল থেকে উদ্ধার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হ্নীলার আলিখালী পাহাড়ি এলাকায় মুক্তিপণের টাকা দেওয়ার পর শনিবার বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
মাহমুদুল হক টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে। তিনি জানান, গত ৮ আগস্ট সকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের সময় অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
মাহমুদুল হককে পাঁচ দিন ধরে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে মুক্তিপণের টাকা পাহাড়ে রেখে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীর সংখ্যা ছিল ১০ জন, যেখানে বাংলাদেশি ও রোহিঙ্গা উভয় নাগরিক ছিলেন। তাদের কাছে চারটি ভারী অস্ত্র ছিল।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ চৌধুরী জানিয়েছেন, মাহমুদুল হকের সারা শরীরে মারধর ও নির্যাতনের চিহ্ন রয়েছে। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না এবং দীর্ঘদিন বেড রেস্টে থাকতে হবে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়টি পুলিশকে জানানো হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৭ জনকে অপহরণ করা হয়েছে।
