সাতক্ষীরায় স্বচ্ছভাবে পুলিশের চাকরি, মাত্র ১২০ টাকায় ২৮ জন প্রার্থী পেলেন চাকরি

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

2 Min Read

সাতক্ষীরায় ঘুষ, সুপারিশ বা দালালের সাহায্য ছাড়াই মাত্র ১২০ টাকার সরকারি ফি দিয়ে পুলিশের চাকরি পেয়েছেন ২৮ জন নারী ও পুরুষ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতেই সাতক্ষীরা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত প্রার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও প্রস্তুতি অবশেষে ফল দিয়েছে।

নাজমুন নাহার লিজা জানান,

বাবাকে ছোটবেলায় হারানোর পর মামার বাড়িতে বড় হয়েছি। বিনা খরচে চাকরি পাব, এটা কখনো ভাবিনি। আজ আমি খুব খুশি। মাকে সহায়তা করতে পারব, এটি আমার জন্য গর্বের।

প্রথমবার অংশ নিয়ে তিনি বাংলাদেশ পুলিশের চাকরি পেয়েছেন।

পাটকেলঘাটার কৃষক পরিবারের সন্তান মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন,

২০২৩ সাল থেকে চেষ্টা করছিলাম। অবশেষে ২০২৫ সালে চাকরি পেয়েছি। নিজের যোগ্যতায় চাকরি পাওয়ায় আমি গর্বিত।

চাকরি পাওয়া বিলকিস সুলতানা বলেন,

প্রথমবার অংশ নিয়েই চাকরি পেলাম। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে এটি আমার বড় অর্জন।

আরেকজন প্রার্থী মোহাম্মদ তাওহিদুর রহমান বলেন,

কোনো আর্থিক লেনদেন ছাড়াই চাকরি পেয়েছি। এখন দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার স্বপ্ন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,

প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হয়েছে। যারা চাকরি পেয়েছেন, তারা শুধুমাত্র নিজের যোগ্যতায় এটি অর্জন করেছেন। যারা এবার সুযোগ পাননি, তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন।

চূড়ান্তভাবে ২৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন, এবং আরও ৬ জন অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগ বোর্ডের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *