প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: লুটের টাকায় টিভি-ফ্রিজ কেনার তথ্য পুলিশের

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

রাজধানীতে দুটি জাতীয় দৈনিকের কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন একাই দেড় লাখ টাকার বেশি অর্থ লুট করেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে মো. নাইম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, হামলার সময় তিনি মোট এক লাখ ২৩ হাজার টাকা লুট করেন। পরে ওই টাকা দিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে একটি টেলিভিশন ও একটি ফ্রিজ কেনেন। এসব সামগ্রী জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে থানা পুলিশ ১৩ জন, সিটিসি তিনজন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মিন্টো রোডে পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জানান, একটি দৈনিক ইতোমধ্যে মামলা করেছে। অন্য দৈনিকটি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পর মামলা করবে বলে জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় চারটি আইনের ধারায় মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় কোনো প্রাণহানি না হওয়াটাই পুলিশের বড় সাফল্য। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজার ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকায় অবস্থিত দুটি দৈনিক পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *