দুর্নীতি মামলায় গ্যাস ফিল্ডের দুই সাবেক কর্মকর্তা কারাগারে

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সাবেক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম চাকরিজীবনের সময় নিজের জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদে জন্ম সাল পরিবর্তন করে বয়সে প্রতারণা করেন। এতে করে তিনি নির্ধারিত সময়ের এক বছর পর অবসরে যান এবং সেই সময় অনৈতিকভাবে ৭৪ লাখ টাকার বেশি বেতন ও অন্যান্য ভাতা গ্রহণ করেন।

ঘটনাটি উদঘাটিত হলে কোম্পানির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রতারণার প্রমাণ মেলে এবং বোর্ড সভায় এটিএম শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে তার সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয় তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার ও তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারকে।

২০২৪ সালের ২২ অক্টোবর কোম্পানির উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বাসার মিজি বাদী হয়ে এটিএম শাহ আলমকে প্রধান আসামি করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর এটিএম শাহ আলম দেশ ত্যাগ করেন। অপর দুই আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হলে সোমবার তারা নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিদের জামিন নামঞ্জুরের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *