সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও চোরাচালান এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অধীর বিশ্বাসের তিন ছেলে—বিপুল বিশ্বাস, শিপুল বিশ্বাস ও টিপলু বিশ্বাসকে আটক করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার ডিবির হাওর এলাকায় তাদের নিজ বসতঘরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী সংস্থার কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধীর বিশ্বাসের ঘরে প্রবেশ করে তারা অভিনব কায়দায় লুকানো মদ ও গুলি উদ্ধার করেন। খাটের নিচে এবং শোকেসের ভেতর প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল ১১৬ বোতল বিদেশি মদ। একই সঙ্গে উদ্ধার করা হয় প্রায় ৩৫ হাজার ৮০০ পিস এয়ারগানের গুলি।
অভিযান চলাকালে তিন ভাই পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই বিপুল পরিমাণ মদ ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সংস্থা।
অভিযানের পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদ ও অবৈধ অস্ত্রের গুলি পাচারের অভিযোগ থাকলেও এবার একসঙ্গে এত বড় চালান উদ্ধার করায় তা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
