প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই: হাবিব

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

3 Min Read

রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ঢাকা-৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে হিংসা নয়—ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন হাবিব। এ সময় তিনি বলেন, ঢাকা-৯ একটি নির্যাতিত ও নাগরিক সুবিধাবঞ্চিত এলাকা। এখানে গ্যাস সংকট, জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা, চিকিৎসা ও শিক্ষা–সংক্রান্ত নানা সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান। এসব সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান তিনি।

হাবিব আরও বলেন, তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বৃহত্তর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে হাবিব বলেন, তাকে শতাধিক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে। সাতবার কারাবরণ করতে হয়েছে, আট বছর সাজা ভোগ করেছেন এবং ৮৬ দিন ডিবির রিমান্ডে থাকতে হয়েছে। দুবার হত্যাচেষ্টার শিকার হয়ে চারটি গুলির আঘাত পেয়েছেন তিনি। এসব অভিজ্ঞতার পরও তিনি প্রতিহিংসার রাজনীতি করতে চান না বলে জানান।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে হাবিব বলেন, আত্মীয়স্বজনসহ সবাই ভোট দিতে গেলে এলাকার উন্নয়ন সম্ভব হবে। জনগণ যদি ধানের শীষ প্রতীকে ভোট দেয়, তবে তিনি দলের কাছে দাবি তুলে ধরতে পারবেন যে, ঢাকা-৯ এলাকার উন্নয়ন সবার আগে নিশ্চিত করতে হবে।

নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে হাবিব বলেন, তিনি ৫৪ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন এবং ৩৮ বছর ধরে রাজনীতি করছেন। ভবিষ্যতেও তিনি এই এলাকাতেই থাকবেন এবং এলাকার মানুষের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে দেখেন।

অনেকে কীভাবে তিনি বিজয়ী হবেন—এমন প্রশ্ন করেন উল্লেখ করে হাবিব বলেন, তিনি এলাকার মানুষের ভালোবাসা পাচ্ছেন। তিনি বলেন-

আমার বাবা নেই, কিন্তু আজ হাজার হাজার অভিভাবক, ভাই ও বোন রয়েছে। যাদের এত অভিভাবক আছে, তারা কখনো পরাজিত হয় না

আগামী দিনে ঢাকা-৯ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করে হাবিব বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, যারা এলাকার ক্ষতি করবে এবং মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের আইনের আওতায় এনে রাজনৈতিকভাবেও শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। ঢাকা-৯ এলাকার মানুষ যেন নিরাপদ ও ঐক্যবদ্ধ থাকে—এই লক্ষ্যেই তিনি সবাইকে নিয়ে উন্নয়নের পথে এগোতে চান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *