যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইরানের সরাসরি নাগালের মধ্যেই রয়েছে বলে দাবি করে ওয়াশিংটনকে আপস অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া এই সতর্কবার্তা দেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেওয়া এই বক্তব্যের কথা জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আমির আকরামিনিয়া বলেন,
মার্কিন সামরিক ঘাঁটিতে আমাদের অ্যাক্সেস সহজ, যা তাদের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
তিনি আরও বলেন, ইরান নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আপস কিংবা যুদ্ধের পথের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।
এদিকে একই দিনে পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছে ‘জ্বালানি পাচারের সঙ্গে জড়িত’ দুটি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, জাহাজ দু’টি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ১৫ জন বিদেশি নাবিককে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো পারস্য উপসাগরের ফার্সি দ্বীপ সংলগ্ন এলাকায় কার্যক্রম চালাচ্ছিল। আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে জাহাজগুলো শনাক্ত করে জব্দ করা হয়।
