সোমালিল্যান্ড ইস্যুতে ইসরাইলের সিদ্ধান্ত নাকচ, কড়া অবস্থানে আফ্রিকান ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

2 Min Read

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন (এইউ)। সংগঠনটি জানিয়েছে, সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ন রাখার প্রশ্নে তারা কোনো আপস করবে না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আফ্রিকান ইউনিয়ন জানায়, সোমালিল্যান্ডকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যেকোনো উদ্যোগ তাদের নীতিগত অবস্থানের পরিপন্থি। এইউর মতে, সোমালিল্যান্ড সোমালিয়া ফেডারেল প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ বিবৃতিতে বলেন, সোমালিল্যান্ডকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা শুধু সোমালিয়ার সার্বভৌমত্বকেই ক্ষুণ্ন করে না, বরং গোটা আফ্রিকা মহাদেশে অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করতে পারে। তিনি একে “বিপজ্জনক নজির” হিসেবেও উল্লেখ করেন।

এর আগে শুক্রবারই বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে ‘সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ইসরাইল। একই সঙ্গে দুই পক্ষের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তি সই হওয়ার কথাও জানানো হয়। এই চুক্তির আওতায় পরস্পরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস খোলার পরিকল্পনা রয়েছে।

১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দেয় সোমালিল্যান্ড। এরপর তিন দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অঞ্চলটির প্রশাসন। সম্প্রতি নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর বিষয়টি আবারও জোরালোভাবে সামনে আনা হয়।

আফ্রিকান ইউনিয়ন তাদের বিবৃতিতে সোমালিয়ায় শান্তি সুসংহতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *