কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি স্বাস্থ্য পোস্ট হাসপাতাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় হাসপাতালসংলগ্ন একাধিক বসতঘরও ধ্বংস হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–ডি, সাব-ব্লক–১ এলাকায় অবস্থিত ওবাত স্বাস্থ্য পোস্ট হাসপাতালে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতাল ভবন ও আশপাশের স্থাপনায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে হাসপাতালটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং এর সঙ্গে থাকা অন্তত নয়টি কাঁচা ঘর আগুনে ধ্বংস হয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঘটনায় কেউ আহত না হলেও স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পুড়ে যাওয়ায় ক্যাম্পের বাসিন্দাদের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
